সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৪২

 

হোমনায় ১০ জুয়াড়ি গ্রেফতার

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করে কুমিল্লা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার ভিটি কালমিনা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহূত নগদ টাকা, কয়েক বান্ডেল তাস ও কয়েকটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ সদরে পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২০-২১ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ সদরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ।

জনপ্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে ও স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশনের সহযোগিতায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বাকেরগঞ্জ  উপজেলা পরিষদ চত্বরে শনিবার তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। বাকেরগঞ্জ  উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তরিকুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশে শনিবার গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উদ্যোগে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও সংস্থার সভাপতি নুরুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।

‘শান্তিপূর্ণ পৌর নির্বাচন’ শীর্ষক আলোচনাসভা

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুরে ‘শান্তিপূর্ণ নির্বাচন ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ‘শান্তিপূর্ণ নির্বাচন’ বিষয় সম্পর্কে এ আলোচনা করা হয়। পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) উপজেলা শাখার আয়োজনে এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের সহযোগিতায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মতত্পরতা

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দার নাজিরপুর, লেংগুরা ও খারনৈ ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপির উদ্যোগে ১৬ দিনব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্মসূচি অনুযায়ী সচেতনতা বৃদ্ধিতে সভা করা হচ্ছে। গত ২৫ নভেম্বর ঐ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার প্রজেক্ট অফিসার জনি মলি­কের সঞ্চালনায় নাজিরপুর এপি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এপি প্রজেক্ট অফিসার শান্তি দেবনাথ।

স্বরূপকাঠিতে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সাধারণ মানুষদের সচেতন করতে মাঠে নেমেছে প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার ইন্দ্রেরহাট ও মিয়ারহাট বন্দরে প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, ওসি আবির মোহাম্মদ হোসেনসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। ইউএনও জানান, এ কার্যক্রম চলমান থাকবে।