আগাম জাতের শিম চাষ করে সাফল্য পেয়েছে আটঘরিয়া উপজেলার প্রায় ৩০টি গ্রামের কয়েকশ চাষি। উত্পাদন খরচের তুলনায় বাজার মূল্য পেয়েছেন বেশ ভালো। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা প্রতিদিন ভিড় করছেন শিমের পাইকারী হাট মুলাডুলি বাজারে। আটঘরিয়ার ধলেশ্বর, সড়াবাড়িয়া, বেরুয়ান, খিদিরপুর, পারখিদিরপুর. মাজপাড়া, বংশিপাড়াসহ প্রায় ৩০টি গ্রামের মাঠে এখন শিম ক্ষেতে ছেয়ে গেছে। মাঠের পর মাঠ, বিস্তীর্ণ এলাকাজুড়ে কেবলই সবুজ। যেদিকে চোখ যায় সেদিকে শুধু সবুজের সমারহ। উপজেলার এসব জমি এক সময় অনাবাদী পড়ে থাকতো। এখন এ সকল জমিতে চাষ হচ্ছে শিম। গত এক দশকেরও বেশি সময় ধরে শিম চাষ করে ভাগ্য ফিরেছেন এখানকার অসংখ্য কৃষকের। এখন ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন ১০ হাজারেরও বেশি চাষি।
