ফেসবুক ইউটিউবের ভ্যাট আদায়ের পথ সহজ হচ্ছে

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের স্থানীয়ভাবে সেবা দেওয়ার বিনিময়ে ভ্যাট প্রাপ্তির পথ সহজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট নিবন্ধন বা বিআইএন সহজে প্রাপ্তির জন্য স্থানীয় ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা বাতিল করতে এনবিআরের ভ্যাট বিভাগ একটি ফরম তৈরি করেছে। ফলে বাংলাদেশে স্থানীয় ব্যাংক হিসাব না থাকলেও গুগল, ইউটিউব, ফেসবুক কিংবা নেটফ্লিক্সের মতো প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। এছাড়া বিদেশ থেকেই সেবার বিনিময়ে প্রদেয় ভ্যাট সরাসরি সরকারের কোষাগারে জমা দিতে পারবে। কোম্পানিগুলো এনবিআরের নীতিমালা মানার স্বার্থে স্থানীয় এজেন্ট কিংবা অফিস স্থাপন করতে পারবে। এছাড়া অন্যান্য কিছু শর্তও শিথিল করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এ ইস্যুতে আলোচনা চলছিল। বিভিন্ন বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ভ্যাট এজেন্ট কিংবা স্থানীয় ভ্যাট অফিস না নিয়েই সরাসরি ভ্যাট নিবন্ধন দেওয়ার পথ খোলার জন্য এনবিআরকে অনুরোধ জানিয়ে আসছিল।