বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মীরে প্রথম নির্বাচন

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৫১

৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর এই প্রথম সেখানে নির্বাচন হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে,  ভারতীয় সময় শনিবার সকাল ৭টায় সেখানকার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিডিসি) প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। শেষ এক ঘণ্টায় ভোট দিতে পারবেন করোনায় আক্রান্তরা।

ডিডিসির আট দফার নির্বাচনে জম্মু ও কাশ্মীরের মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে। শেষ পর্বের ভোট হবে ১৯ ডিসেম্বর। ফলপ্রকাশ ২২ ডিসেম্বর। শনিবার প্রথম দফায় মোট ৪৩ আসনে ভোটগ্রহণ হবে। এরমধ্যে ২৫টি কাশ্মীরে এবং ১৮টি জম্মুতে। মোট ৭ লাখ বৈধ ভোটার এই পর্বে ভোট দিতে পারবেন। ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এই প্রথম কোনো নির্বাচন হচ্ছে বলে স্বাভাবিকভাবেই উপত্যকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। বাড়ানো হয়েছে তল্লাশি। সব মিলিয়ে নিরাপত্তার কোনোরকম ঘাটতি রাখতে চায় না প্রশাসন। কারণ এই নির্বাচনের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের বর্তমান পরিস্থিতি কী, সেখানকার বাসিন্দারা কী চাইছে, সবটাই স্পষ্ট হবে ভোটের পর। এই ডিডিসি নির্বাচনে মূল লড়াই পিডিপি, ন্যাশনাল কনফারেন্সসহ কাশ্মীরের বিভিন্ন ছোট রাজনৈতিক দলের জোটের (গুপকা) বিরুদ্ধে বিজেপির। কংগ্রেস প্রথমে নিজেদের গুপকার জোটের অংশ হিসেবে ঘোষণা করলেও জাতীয় রাজনীতির বাধ্যবাধকতার জন্য পরে পিছিয়ে এসেছে।