চট্টগ্রামে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২২:০৫

চট্টগ্রাম অফিস

নগরীর কালুরঘাটে বিএফআইডিসি রোডসংলগ্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ দশমিক ৭১ একর জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমদ পলক বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে বেকারত্ব দূর হবে, দক্ষ মানবসম্পদ তৈরি হবে, একই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাবে। এই সেন্টার থেকে প্রশিক্ষণ ও জ্ঞান অর্জন করে বেরিয়ে তরুণ উদ্যোক্তা আইটি ইন্ডাস্ট্রিতে যেন ব্যাপক পরিসরে কাজ করতে পারে, সে লক্ষ্যে একই জায়গায় একটি হাই-টেক পার্ক স্থাপনের কাজ শুরু হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, প্রতিযোগিতার এই যুগে আমাদের তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার এজন্যই একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর জাতি গড়ে তুলতে কাজ করে চলেছে। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, অনেক মানুষের কর্মসংস্থানের সযোগ সৃষ্টি হবে।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ মোছলেম উদ্দিন আহমদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মো. মোস্তফা কামাল, চট্টগাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জামসেদ খন্দকার।