ফেনীতে মাদক বহনের দায়ে কার চালক আটক

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২২:০৫

ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ মো. আকিব নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। এ সময় মাদক বহনে ব্যবহূত প্রাইভেট কার জব্দ করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক বিক্রেতা প্রাইভেট কারযোগে গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। র্যাবের একটি দল মহিপালস্থ খায়ের রেস্তোরাঁ সরমা অ্যান্ড কাবাব হাউজের সামনে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনাকালে একটি সন্দেহজনক প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে প্রাইভেট কারটি না থামিয়ে গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব প্রাইভেট কারের চালক মো. আকিবকে তল্লাশি করে ২১ কেজি গাঁজা ও প্রাইভেটকার জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৬ হাজার টাকা। প্রাইভেট কারটির মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক জুনায়েদ জাহেদী।