হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের বুলবুল-মামুনের নেতৃত্বাধীন অংশের নেতা-কর্মীরা এই অবরোধ কর্মসূচি পালন করেন। বিকেল ৪টার দিকে বিপুল সংখ্যক নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।
অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাবুনগরীকে বলে দিতে চাই এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। যেই হাত দিয়ে ভাস্কর্য ‘টাচ’ করবেন সেই হাত মুক্তিযুদ্ধ মঞ্চ ভেঙে দিবে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে, বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, মেহনতি মানুষের ভাস্কর্য বাংলাদেশে থাকবে। এই বাংলাদেশের দিকে যদি আপনারা আঙ্গুলও তোলেন সেই আঙ্গুল আমরা ভেঙে দেব।
মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে কেউ যদি হাত দেয় তাদের হাত আমরা বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। বাংলাদেশের মাটিতে আমরা কখনো পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত।
সমাবেশ থেকে সাত দফা দাবি জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী মামুনুল হক ও ফয়জুল করীমের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি; দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ; সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অবিলম্বে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা প্রভৃতি।
