নগরীর স্টেশন রোড এলাকা থেকে গত শুক্রবার রাতে ১৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম উত্তম সেন। সে স্বর্ণের বারগুলো পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে। বারগুলোর ওজন দুই কেজি ৫৮২ গ্রাম বা ২২১ ভরি, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ঢাকায় যাবার উদ্দেশ্যে রেলস্টেশনে যাচ্ছিলেন উত্তম। স্টেশনে প্রবেশের সময় গতিবিধি সন্দেহজনক দেখে উত্তমকে আটক করে তল্লাশি করে পুলিশ। তার কোমরের বেল্টের নিচে এবং পকেটের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
উত্তম স্বীকার করেছে, স্বর্ণের বারগুলো হাজারি গলির বাণিজ্য নিকেতনের এসএন শিল্পালয় নামে একটি গহনা তৈরির কারখানার মালিক সনজিত্ ধরের। সনজিত্ই উত্তমকে দিয়ে বারগুলো ঢাকায় পাঠাচ্ছিলেন। পলাতক সনজিত্ ধরকে গ্রেফতারে অভিযান চলছে।
