যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানি করতে চায় তাইওয়ান; কিন্তু বিরোধীরা এর প্রবল বিরোধিতা করলেও সরকার অনড় থাকায় তা পার্লামেন্ট পর্যন্ত গড়িয়েছে। শুক্রবার এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে পার্লামেন্টে বিরোধী দলের সদস্যরা শূকরের নাড়িভুঁড়ি নিক্ষেপ করে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের
বিরোধী দল চাইনিজ ন্যাশনাল পার্টির (কেএমটি) এমপিদের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে অনুমতি দেওয়া শূকরের মাংসে র্যাক্টোপামিন রয়েছে। এই উপাদান স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এর আগে তাইওয়ানের সাবেক সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন ও চীন র্যাক্টোপামিনযুক্ত মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। অবশ্য বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) অভিযোগ অস্বীকার করেছে এবং তারা এই ইস্যুতে পার্লামেন্টে যুক্তিপূর্ণ বিতর্কের আহ্বান জানায়। শুক্রবার প্রধানমন্ত্রী সু তিসেং-চ্যাং পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে জবাব দিচ্ছিলেন। এ সময় প্রধান বিরোধী দলের এমপিরা তাকে লক্ষ্য করে এক বালতি শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারেন। বেশ কয়েক জন সদস্য তাইওয়ান স্টেটবিল্ডিং পার্টির নেতাকে চেন ওপা-উইকে ঘুষিও মারেন। ডিপিপি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি জঘন্য প্রতিবাদ। সরকার যুক্তরাষ্ট্রের শূকরের মাংস থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই বিরোধীরাসহ সাধারণ নাগরিক প্রতিবাদ করে আসছে।
