উন্নয়নের স্বার্থে সাংবাদিক মহলকে পজেটিভ থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘চ্যালেঞ্জিং মিনিস্ট্রিতে আমাকে কাজ করতে হবে। এ জন্য আপনাদের পজেটিভ সাপোর্ট চাই। আপনারা কে কি দল করেন, সেটা বিষয় নয়। সবাই রংপুরের উন্নয়ন চান এটাই বড় বিষয়। উন্নয়নের স্বার্থে আমরা সব সময়ই পজেটিভ থাকব।’
বুধবার রাতে রংপুর প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘রংপুর বাসীর দীর্ঘদিনের চাওয়া প্রধানমন্ত্রী পূরণ করেছেন। পূর্ণ মন্ত্রী দিয়েছেন। আমাকে প্রধানমন্ত্রী রংপুর অঞ্চলের উন্নয়নে কাজ করতে বলেছেন। আমার ওপর আপনারা ভরসা রাখতে পারেন। রংপুরের উন্নয়নের জন্য সবার পরামর্শ নিয়ে কাজ করা হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভালো মানুষ হিসেবে জানেন বলেই বাণিজ্য মন্ত্রণালয়ের মত একটি গুরুতত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমার ব্যক্তিগত কোন লোভ লালসা নেই। আমি প্রধানমন্ত্রীর বিশ্বাস নষ্ট করতে চাই না। এমনটাই উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, সাধারণ মানুষ আমাকে ভালো মানুষ হিসেবে জানেন। আমাকে সৎ বলেন। আমি আগে যেমন ছিলাম, এখনো সে রকমই রয়েছি। আমার কাজের ভুল হলে ধরে দিবেন। উন্নয়নের প্রয়োজনে লিখবেন। পজেটিভ থাকবেন উন্নয়ন হবে।’
এসময় টিপু মুনশি বলেন, আমি প্রথম এমপি নির্বাচিত হয়ে জীবনের প্রথম সম্মানীর পুরো টাকাটা মুক্তিযুদ্ধে শহীদ শংকু সমাজদার মা’র হাতে দিয়েছিলাম। গত দশ বছরের এমপি হিসেবে যত বেতন ভাতা পেয়েছি সবই দুস্থ, অসহায় শিক্ষার্থীদের দিয়েছি। আমার কোন চাওয়া নেই। আমি রংপুরের মানুষের জন্য কাজ করতে চাই।’
অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রশীদ বাবু, কোষাধ্যক্ষ সুশান্ত ভৌমিক প্রমুখ।
এ সময় বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা, প্রেস ক্লাব দোকান মালিক সমিতি ও দৈনিক যুগের আলোর পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
আরও পড়ুন: উত্তর সিটির উপ-নির্বাচন শিগগিরই পুনঃতফসিল করা হবে: সিইসি
এর আগে বিকেলে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান টিপু মুনশি। সেখান থেকে গাড়ি বহরে রংপুর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় করেন।
ইত্তেফাক/আরকেজি
