২৫ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২২:৩৩

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫ পৌরসভা নির্বাচনে দলীয় একক মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকালে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সন্ধ্যায় আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনীত একক মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় একক প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। বৈঠকে অংশ নেওয়া একজন নেতা ইত্তেফাককে জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী রাখতে চায় না আওয়ামী লীগ। শুধু বিদ্রোহীই নয়, নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বাইরে দলীয় অন্য প্রার্থীর ইন্ধনদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মনোনয়ন পেলেন যারা :পঞ্চগড় সদরে জাকিয়া খাতুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে মো. খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে মো. আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম সদরে মো. কাজিউল ইসলাম, রাজশাহীর পুঠিয়াতে মো. রবিউল ইসলাম, কাটাখালীতে মো. আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসায় আল মাছুম মুর্শেদ, খুলনার দাকোপের চালনায় সনত কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা সদরে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, বরগুনার বেতাগীতে এ বি এম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটায় আ. বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে মো. গিয়াস উদ্দিন বেপারী ও বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়াকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া মানিকগঞ্জ সদরে মো. রমজান আলী, ঢাকার ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুরে মো. আনিছুর রহমান, ময়মনসিংহের গফরগাঁওয়ে এস এম ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনা মদনে মো. আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিত্ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. মাসুদউজ্জামান মাসুক ও চট্টগ্রামের সীতাকুণ্ডে বদিউল আলমকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

বৈঠকে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্ল­াহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আব্দুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।