গণস্বাস্থ্য কেন্দে র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনার যে ভ্যাকসিন এখনো সঠিক ও মানব শরীরে প্রয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত বলে প্রমাণিত হয়নি, সেটা আমরা (সরকার) পাঁচ ডলার দিয়ে কিনে ফেলেছি। তিন ডলারে কিনে পাঁচ ডলারে বিক্রি করবে। তারা দুই ডলার করে লাভ করবে। সম্ভবত সরকার যে ১৫০০ কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ করেছে, তা একজন অগ্রিম নিয়ে ফেলেছেন। করোনা মহামারিতেও দেখেন, কী রকম ব্যবসা করছে!
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নাগরিক সমিতির উদ্যোগে ‘করোনোকালীন সময়ে ২ কোটি গরিব ও মধ্যবিত্ত পরিবারকে মাসে ৫ হাজার টাকা করে অনুদান ও ভাড়াটিয়াদের ঘরভাড়া অর্ধেক করা’র দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভ্যাকসিন নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নেই। এটা কার্যকর বলে প্রমাণিত হলে বিনা পয়সায় আমরা পাব। তার জন্য গ্যাভি আছে, ইউনিসেফ আছে। আমরা ভারতের দিকে চেয়ে আছি। আমরা কীভাবে সুযোগ হারিয়েছি? সিনোভ্যাক ট্রায়ালের জন্য বিনা পয়সায় আসতে চাইল বাংলাদেশে, আমরা দেইনি। আর আমরা এখন পেছনে ঘুরছি, তারা বলছে সময় নেই। এই জাতীয় জিনিস তারাই করতে পারে যারা জনগণের দিকে খেয়াল রাখে না।
সম্প্রতি কয়েকটি বস্তিতে অগ্নিকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, এই করোনা বিপদের মধ্যে যোগ হয়েছে বস্তিতে আগুন লাগানো। এটা কি জিনের বাদশা লাগাচ্ছে, না সরকারের কোনো জায়গার হাত আছে, সেটা খতিয়ে দেখতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদও বক্তব্য দেন।
