প্রশাসনিক কর্মকর্তা পদের দাবিতে অধিদপ্তরের কর্মচারীদের আলটিমেটাম

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০০:৪২

প্রশাসনিক কর্মকর্তা পদের দাবিতে আলটিমেটাম দিয়েছেন সবকটি অধিদপ্তরের কর্মচারীরা। তারা বলেছেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৭ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কলমবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে ২৭ ডিসেম্বর পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈষম্য দূর করার দাবিতে ‘বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ’ এই কর্মসূচি ঘোষণা করে।

সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামান বলেন, সচিবালয়ের মতো পাবলিক সার্ভিস কমিশন, হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারীসহ সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা ও ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তিন বার সুপারিশ করা সত্ত্বেও সমপদে কর্মরত কর্মচারীদের আগের পদবী ও বেতন স্কেলে রয়ে গেছেন।