তামিমের ব্যাটে বরিশালের প্রথম জয়

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০০:৪২

টানা দুই জয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরু করেছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। গতকাল শনিবার তাদের জয়রথ থামিয়ে দিয়েছে ফরচুন বরিশাল। মিরপুর স্টেডিয়ামে অধিনায়ক তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে রাজশাহীকে ৫ উইকেটে পরাজিত করেছে বরিশাল। তিন ম্যাচে রাজশাহীর এটি প্রথম হার, দুই ম্যাচে বরিশালের প্রথম জয়।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩২ রান সংগ্রহ করেছিল রাজশাহী। ৬৩ রানে ৫ উইকেট পতনের পর ফজলে রাব্বি-মেহেদী হাসান দলের হাল ধরেন। তাদের ৬৫ রানের জুটিতে ১০০ পার হয় রাজশাহীর স্কোর। মেহেদী হাসান ৩৪, ফজলে রাব্বি ৩১, শান্ত ২৪, আনিসুল ইমন ২৪ রান করেন। বরিশালের কামরুল ইসলাম রাব্বি ২১ রানে ৪টি উইকেট পান। পরে তামিমের হাফ সেঞ্চুরিতে ১৯ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলে ম্যাচ জিতে নেয় বরিশাল। একপ্রান্ত আগলে তামিম ৬১ বলে অপরাজিত ৭৭ রান (১০ চার, ২ ছয়) করেন। পারভেজ ইমন ২৩, তৌহিদ হূদয় ১৭ রান করেন।