গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেড কোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা রাখায় ইসমাইল হোসেনকে শ্রেষ্ঠ থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
ক্রেস্ট প্রদানকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, ডিসি (হেডকোয়ার্টার্স) কে এম আরিফুল হক, ডিসি (ক্রাইম) মো. শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে গাছা থানার কার্যক্রম শুরু হওয়ার দিন থেকে তিনি দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
৯০৫টি ইয়াবাসহ চারজন গ্রেফতার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পুলিশ সিটি করপোরেশন চত্বর এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট, একশ পুরিয়া হেরোইন ও নগদ প্রায় ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সদর থানার ওসি সমীর চন্দ্র সুত্রধর জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর চতরবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রিপন মিয়া (২৮), ইয়াসমিন বেগম (৪২), মাহফুজা আক্তার (৩২) ও শরীফ হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওই মাদক ও নগদ টাকা জব্দ করা হয়। তাদের বাড়ি নগরীর ভাওয়াল গাজীপুর এলাকায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
