সোনারগাঁওয়ে কাপড় ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেফতার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০০:১২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গার্মেন্টের ছিনতাই হওয়া মালামালসহ পৌরসভা ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সোনারগাঁও পৌরসভার গোয়ালদী ও টিপরদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মেদ সাজু ও তার সহযোগী পৌর ছাত্রলীগ কর্মী রিয়াদ হোসেন রনি ও মামুন। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া ১শ’ বস্তা কাপড় উদ্ধার করে পুলিশ। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ।

সোনারগাঁও থানার এসআই আব্দুল হক সিকদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের টিপুরদি এলাকায় অবস্থিত চৈতি কম্পোজিটের ১৬৬টি বস্তা কাপড়সহ একটি কাভার্ডভ্যান গত ৮ জানুয়ারি ঢাকার উত্তরা এলাকায় যাচ্ছিল। এসময় কাভার্ডভ্যানটি টিপরদী ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে অজ্ঞাতনামা ছিনতাইকারীদল কাভার্ডভ্যানটি গতিরোধ করে গাড়ির চালক আ:রহমান ও হেলপার মাইন উদ্দিনকে মারধর করে তাদের গাড়ি থেকে ফেলে মালামালসহ কাভার্ডভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাই হওয়া মালামালের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। এ ঘটনায় চৈতি কম্পোজিটের ডেপুটি ম্যানেজার বদরুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ ছিনতাইয়ের সঙ্গে সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাজুর সম্পৃক্ত থাকার সত্যতা পায়। পরে গত মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার গোয়ালদী ও টিপরদী এলাকায় অভিযান চালিয়ে সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মেদ সাজু, ছাত্রলীগ কর্মী রিয়াদ হোসেন রনি ও মামুনকে গ্রেফতার করে। সোনারগাঁও থানার এসআই আব্দুল হক সিকদার আরো জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় মহাসড়কের যানবাহনে, বাসা-বাড়িতে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করে থাকে।