জামালপুরে পুত্র হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড 

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৮:৩৫

দীর্ঘ ৯ বছর পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের পাঁচ মাস বয়সী শিশু আশিক হত্যার বিচারের রায় দিয়েছে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালত। 

রবিবার (২৯ নভেম্বর) রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জজ মো: জুলফিকার আলী খান।  রায়ে বিজ্ঞ জজ জুলফিকার আলী খান পুত্র আশিক হত্যার অভিযোগে পিতা মোস্তফার মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। 

জানা যায়, ২০১১ সালের ২০ মে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামে একটি মোবাইল কেনার ঘটনাকে কেন্দ্র করে স্বামী মোস্তফা ও স্ত্রী রোজিনার মধ্যে ঝগড়া বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে রোজিনার স্বামী মোস্তফা তার পাঁচ মাস বয়সী শিশুপুত্র আশিককে দুই পা ধরে আছড়িয়ে হত্যা করে। 

আরো পড়ুনঃ শিবচরে ইলিয়াস চৌধুরীর কবর জিয়ারত করলেন দীপু মনি

এ বিষয়ে ঘাতক মোস্তফার স্ত্রী রোজিনা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ৯ বছর পর ২৯ নভেম্বর রবিবার ৩০২ ধারা মোতাবেক মামলার রায় ঘোষণা করা হয়েছে। 

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নির্মল কান্তি ভদ্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মামলার একমাত্র আসামী ঘাতক মোস্তফা জামিন নিয়ে পলাতক রয়েছে।  

ইত্তেফাক/এমএএম