এই সময়ের ছড়া

আনব কেন বিপদ ডেকে

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২০:২০

অনিশ্চিতের পথ ধরে সব

চলছি কোথায় কেউ জানি না

স্বাস্থ্যবিধি মানছি কমই

অনেকে তো তাও মানি না ।

 

অজুহাতের শেষ থাকে না

যুক্তি সবই দিচ্ছি খোঁড়া

মাস্ক ছাড়া লোক চলছে দেদার

গ্রাম থেকে এই শহরজোড়া।

 

হাত স্যানিটাইজ করতে গিয়ে

করছি কেমন অবহেলা

বাইরে-ঘরে গা-ছাড়া ভাব

হেলাফেলায় কাটছে বেলা।

 

সংক্রমণের মাত্রা হঠাত্

বাড়ে যদি অনেকখানি

শীতটা জেঁকে বসলে তখন

সামলানো দায় হবে জানি।

 

সবাই মিলে শুধরে চলি

সচেতন হই আজকে থেকে

একটু অবহেলা করে

আনব কেন বিপদ ডেকে!