বাংলাদেশের প্রথম এরোস্পেস ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন ও এরোস্পেস ইউনিভার্সিটির (বিএসএমআরএএইউ) শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের পাইলট প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণমূলক ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ প্রদান করবে এয়ারবাস। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। এয়ারবাসের সাউথ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট রেমি মিল্লার্ড বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে এয়ারবাস তাদের অত্যাধুনিক প্রযুক্তিগত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের দক্ষতা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সহজে গ্রহণ করার ব্যবস্থা করবে। এয়ারবাসের এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে স্নাতক ও স্নাতক-পরবর্তী ধাপের যেসব শিক্ষার্থী পাইলট ও রক্ষণাবেক্ষণমূলক ইঞ্জিনিয়ার হতে উত্সাহী, তারা সবাই অন্তর্ভুক্ত। এয়ারবাস পড়াশোনার উপকরণ ও সিলেবাস বিষয়ে এবং ক্লাসে প্রশিক্ষকরা ক্লাস নিবেন। এছাড়াও এয়ারবাস বছরে পাঁচটি ইন্টার্নশিপের ব্যবস্থা করবে। বিএসএমআরএএইউর প্রতিষ্ঠাতা উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক বলেন, এরোস্পেস শিল্পের একটি আন্তর্জাতিক পথপ্রদর্শক হিসেবে নতুন প্রতিভাবানদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে এয়ারবাসের যথেষ্ট দক্ষতা রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
