পরশু রাতে কাতারের দ্বিতীয় বিভাগের দল লুজাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেললেও সেই দলটি অপক্ষাকৃত শক্তিশালী ছিল না। বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ ইংলিশ স্টয়ার্ট পল ওয়াটকিস বলেছেন, ‘লুজাইল ততটা শক্তিশালী দল না। আমাদের আরো ভালো খেলা উচিত ছিল।’ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন ডিফেন্ডার ইয়াসিন খানের মাথায় আঘাত লেগেছে। বাঁ চোখের ওপর পড়েছে চারটি সেলাই। এটা দলের জন্য ধাক্কা।
কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। এখন আসল ম্যাচের প্রস্তুতি শুরু। হাতে সময় কম, আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের বাছাই ম্যাচ।
এত দিন প্রস্তুতি ম্যাচ নিয়ে সময় গেছে। দুই ম্যাচে বাংলাদেশ হেরেছে। প্রথম ম্যাচে আর্মি ফুটবল দলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল। আর শনিবার রাতে লুজাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। জামাল ভুইয়ারা ম্যাচ হারলেও সেটি নিয়ে ভাবছে না। ভাবছে কাতারে বিপক্ষে আসল ম্যাচ নিয়ে।
কাতার হতে দলে কোচিং স্টাফ সূত্র জানিয়েছে এখানে হারজিতের বিষয় নয়, বিষয়টা হচ্ছে কাতারের বিপক্ষে আসল ম্যাচে দলটাকে কীভাবে সাজানো যায় তা নিয়েই যত ভাবনা।
গোলকিপার আনিসুর রহমান জিকো, পরশু রাতে ম্যাচ শেষে পাঠানো ভিডিও বার্তায় বলছিলেন, ‘আমরা ম্যাচ হেরেছি। দুই ম্যাচের হারের মধ্যেও যেসব ভুল ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করব। কাতারের বিপক্ষে ভুল কম হতে হবে, তা না হলে বিপদ হবে।’ বিশ্বকাপ ফুটবলে কাতারের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে ঢাকায়। সেই ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও দারুণ খেলেছিল। ১ গোলে পিছিয়ে থাকার পরও জামাল ভুইয়ারা ম্যাচের শেষ দিকে গিয়ে আরেকটি গোল হজম করে। কাতারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন দেশের বিপক্ষে ২-০ গোলের হার খুব বড় কিছু নয়। তার পরও কাতারের বিপক্ষে লড়াকু মনোভাব খেলোয়াড়দের বাড়তি প্রেরণা দেয়।
