ফিলিপস-ঝড়ে সিরিজ নিউজিল্যান্ডের

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:২৪

গ্লেন ফিলিপসের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতেও ৭২ রানের সহজ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা।

মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল টসে জিতে বোলিংয়ে নামা উইন্ডিজ দুই ওপেনারকে সাজঘরে ফেরায়। এরপরই শুরু ফিলিপস ঝড়ের। তৃতীয় উইকেট জুটিতে টিম সেইফার্টের সঙ্গে মিলে গড়েন ১৮৪ রানের রেকর্ড জুটি। তাতেই কাইরন পোলার্ডদের প্রায় নাগালের বাইরে চলে যায় ম্যাচটি।

ব্যাটসম্যানদের করা ২৩৮ রানের সংগ্রহকে ভালোভাবেই রক্ষা করে স্বাগতিক বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ১৬৬ রানেই আটকাতে সক্ষম হয় প্রতিপক্ষদের। ৭২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

৪৬ বলে সেঞ্চুরি করে টি-টুয়েন্টিতে ব্ল্যাক ক্যাপসদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গা গ্লেন ফিলিপস হয়েছেন ম্যাচসেরা। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। এতেই বনে গেছেন দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান। তরুণ ফিলিপসের কণ্ঠে তাই বেশ উচ্ছ্বাসই ঝরে পড়ল, ‘যেহেতু দর্শকরা মাঠে ফিরেছে, এই মুহূর্তে আমি শুধু চেয়েছি তাদের বিশেষ কিছু দিতে। পুরো দলই চেয়েছে তাদের বিশেষ কিছু দিতে। ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি যে, আমি এর অংশ হতে পেরেছি।’