দিয়েগো ম্যারাডোনা গত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে চলেছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন। ম্যারাডোনার প্রিয় শিষ্য লিওনেল মেসি গতকাল রবিবার ওসাসুনার বিপক্ষে গোল করে উত্সর্গ করেছেন গুরুর প্রতি। দলও পেয়েছে ৪-০ ব্যবধানের বড় এক জয়।
ওসাসুনার বিপক্ষে ম্যাচের বয়স তখন ৭২ মিনিট। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে আগেই। তখনই ফ্রান্সেসকো ত্রিঙ্কাও থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোল পান মেসি। উদযাপনটা হলো স্বাভাবিকের চেয়ে একটু আলাদা। জার্সি খুললেন, ভেতর থেকে বেরিয়ে এলো নিওয়েলস ওল্ড বয়েজের জার্সি; যেখানে ফুটবলের হাতেখড়ি এমন সময়ে হয়েছে তার যখন ক্যারিয়ার সায়াহ্নে থাকা ম্যারাডোনাও খেলছেন ক্লাবটির হয়ে।
৪-০ ব্যবধানেই ম্যাচটা যেতে বার্সা। শেষ পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয় মাত্র। এই জয়ের ফলে লিগ টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে দলটি।
এদিকে ইউরোপীয় লিগগুলোয় গত শনিবার রাতে কঠিন সময়ই পার করেছে পরাশক্তিরা। ইংলিশ প্রিমিয়ার লিগে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে লিভারপুল। সিরি’আয় জুভেন্তাস আর লিগ ওয়ানে পিএসজিও বরণ করেছে একই নিয়তি। রিয়াল মাদ্রিদ রীতিমতো হেরেই বসেছে। এত সব হোঁচটের রাতে বায়ার্ন মিউনিখ পিছিয়ে পড়েও জয় পেয়েছে। রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকে ম্যানসিটি অবশ্য পেয়েছে বড় জয়।
৬, ২২ ও ৬৯ মিনিটে লক্ষ্য ভেদ করে সিটির জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পান রিয়াদ মাহরেজ। সঙ্গে ফেরান তরেস ও বেঞ্জামিন মন্ডির গোলে ৫-০ ব্যবধানে বার্নলিকে হারায় পেপ গার্দিওলার শিষ্যরা।
দিনের সবচেয়ে বাজে ফলটা পেয়েছে রিয়াল। আলাভেসের কাছে হেরেই বসেছে ২-১ ব্যবধানে। ৬ আর ৪৯ মিনিটে দুই গোল হজম করা রিয়াল ৮৬ মিনিটে ক্যাসেমিরোর গোলে ব্যবধান কমায়। তবে টানা তিন ম্যাচে জয়হীনতা অবশ্য ঠেকাতে পারেনি তা।
তবে বায়ার্ন মিউনিখ এদিন ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক জয় তুলে নিয়েছে। ২০ মিনিটে ট্যাক্সগুয়ে কুলিবালির গোলের জবাব ব্যাভারিয়ানরা দেয় ৩৮, ৪৫ ও ৮৭ মিনিটে কিংসলে কোম্যান, রবার্ট লেভান্ডভস্কি ও ডগলাস কস্তার লক্ষ্যভেদে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানও অক্ষুণ্ন রেখেছে দলটি।
