শায়েস্তাগঞ্জ উপজেলা

উপস্বাস্থ্যকেন্দ্রে চলে স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৩২

শায়েস্তাগঞ্জে জমি অধিগ্রহণ জটিলতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ এবং নিয়োগ কার্যক্রম থমকে আছে। বর্তমানে পৌরসভার শায়েস্তাগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের জরাজীর্ণ একটি কক্ষ মেরামত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা সেবা চলছে। একজন মেডিক্যাল টেকনোলজিস্ট ও একজন অফিস সহকারী নিয়েই চিকিত্সা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

জানা যায়, ২০১৭ সালে শায়েস্তাগঞ্জকে দেশের ৪৯২তম উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়। এরপর ৩৯.৫৫ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের সমন্বয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা গঠন করা হয়। উপজেলার প্রায় ২ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যার হাসপাতালের প্রস্তাব করা হয়। এজন্য হবিগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে ১১১টি পদ সৃষ্টি করার জন্য লিখিতভাবে মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়েছিল।

বর্তমানে একজন চিকিত্সক দিয়েই চলছে হাসপাতালের কার্যক্রম। শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদ্দাম হোসেন বলেন, চিকিত্সক হিসেবে আমি একাই রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। খুব বেশি গুরুতর রোগী হলে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শায়েস্তাগঞ্জ পৌরসভার শায়েস্তাগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের জরাজীর্ণ একটি রুম মেরামত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা সেবা চলছে। তিনি আরো বলেন, রোগীদের সেবা দিতে তাকে সহায়তা করছেন একজন মেডিক্যাল টেকনোলজিস্ট ও একজন অফিস সহকারী। ৫০ শয্যার উপজেলা হাসপাতালের সেবা এবং উপস্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম তিন বছর ধরে এভাবেই চলছে।

শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রশীদ তালুকদার ইকবাল জানান, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি অধিগ্রহণ করা হয়নি, তা এখনো প্রক্রিয়াধীন রয়েছে, খুব শিগিগরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজস্ব ভূমিতে নির্মাণ করা হবে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন ১১১টি পদে নিয়োগ দেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবপত্র পাঠিয়েছি। নিয়োগ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে ভূমি অধিগ্রহণের কাজ শেষ হলেই ৫০ শয্যা হাসপাতাল নির্মাণ করা হবে।