কিশোরগঞ্জ শহরের আজিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তোফায়েল হত্যা মামলায় মেয়ের মৃত্যুদণ্ড ও তার মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলো জুয়েনা আক্তার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তার মা রিনা আক্তার। মামলার অপর আসামি রিনা আক্তারের ছেলে রাসেল ভুঁইয়া নাবালক হওয়ায় বর্তমানে তার বিচার কার্যক্রম শিশু আদালতে চলমান রয়েছে।
আদালত ও সরকারি আইনজীবী সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনার জেরে ২০১২ সালের ১০ মার্চ রিনা আক্তার, জুয়েনা আক্তার ও রাসেল ভুঁইয়া জেলা শহরের মণিপুরঘাট এলাকার বাসিন্দা মো. আওলাদ হোসেনের ছেলে স্কুলছাত্র তোফায়েলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পর দিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
