বরিশালে নির্মাণাধীন ভবন থেকে টাইলস মিস্ত্রির লাশ উদ্ধার

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৩৯

বরিশালে নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে টাইলস মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কলেজ অ্যাভিনিউ রোডের ছয়তলা নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল কুদ্দুসের (৫৫) বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। বরিশাল নগরীর পলাশপুর বস্তিতে একা থাকতেন তিনি। ভবন মালিকের ভাগনে রাশেদ মাহমুদ অভি জানান, শনিবার সন্ধ্যায় চা খাওয়ার জন্য বাইরে যান আব্দুল কুদ্দুস। রাত ৮টার দিকে অন্য শ্রমিকরা কাজ শেষে চলে যায়। সকালে ভবনের নিচে আব্দুল কুদ্দুসের লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে আব্দুল কুদ্দুস অসুস্থ ছিল বলে তিনি জানালেও তার মৃত্যুর বিষয়টি জানা নেই বলে দাবি করেন। অপরদিকে আব্দুল কুদ্দুসের ভাতিজা জুয়েল বলেন, তার চাচার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।