পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৩৯

ঝিনাইদহে ইটভাটার মাটি টানা ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার হরিণাকুণ্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চাঁদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক শাকিল আহম্মেদ (২৫) ও সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়ুন আহম্মেদের ছেলে ট্রলি চালক শফিক উদ্দিন (৩০)। হরিণাকণ্ডু থানার ওসি আব্দুর রহিম জানান, সদরের কিংশুক ইটভাটার ট্রাক্টর ট্রলি চালক শফিক মাটি আনতে হরিণাকুণ্ডু যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঐ দুই জনের মৃত্যু হয়।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-যশোর সড়কের ধলগ্রামে রবিবার ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম এনামুল শেখ (৩৫)। নিহতের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামে।