যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের বিপুল বিজয় এবং বিএনপিপন্থিদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী কাজী ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহাজোট সমর্থিত কাদের-শাহীন পরিষদের শাহানুর আলম শাহীন।
শনিবার সকাল ১০টা থেকে সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ২৬ জন সরাসরি দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেল দুটি হলো মহাজোট সমর্থিত কাদের-শাহীন পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ময়না-গফুর পরিষদ। এর বাইরে গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে শুধু সভাপতি পদে প্রার্থী ছিলেন বারের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম। ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমত হাসার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
