বাগেরহাটের মোরেলগঞ্জে তিন মাস বয়সি শিশু আব্দুল্লাহকে অপহরণের পর হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদাণ্ডাদেশ দেন বিচারক। রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল বাগেরহাট-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মো. হূদয় ওরফে রাহাত হাওলাদার (২১), একই গ্রামের মো. মহিউদ্দিন হাওলাদার (২২) এবং মো. ফায়জুল ইসলাম (২৮)। মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রণজিত্ কুমার মণ্ডল বলেন, ২০১৯ সালের ১১ মার্চ রাত সাড়ে ৩টার দিকে মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনয়নের বিশারীঘাটা গ্রামের দলিললেখক সোহাগ হাওলাদারের বাড়ির জানালার গ্রিল কেটে পাশে ঘুমিয়ে থাকা ছেলে আব্দুল্লাহকে দুর্বৃত্তরা অপহরণ করে। পরদিন দুর্বৃত্তরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সোহাগ হাওলাদার মুক্তিপণের টাকা নিয়ে গেলে তারা শিশুটিকে ফিরিয়ে না দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এই ঘটনায় আব্দুল্লাহর বাবা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।
