সৈয়দপুরে দুই টাকা কেজিতে মুলা বিক্রি হচ্ছে। উত্পাদনকারী কৃষক ছয় মণ মুলা বিক্রি করেও এক কেজি গরুর মাংস কিনতে পারছেন না। এদিকে শীতের সবজির দামে ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা অস্বস্তিতে ভুগছেন। নীলফামারী জেলার সবচেয়ে বড় কাঁচামালের বাজার সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কে অবস্থিত। ভোরে সেখানে পাইকারি বাজার শুরু হয়ে দুপুর পর্যন্ত বেচাকেনা চলে। দূর-দূরান্তের ক্রেতারা এই পাইকারি বাজার থেকে সবজি কিনে নিজ এলাকায় নিয়ে যান। রবিবার সকালে সেখানে গিয়ে দেখা গেছে, প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে মাত্র দুই টাকায়। খুচরা দোকানিরা এসব কিনে বাজারে চার থেকে পাঁচ টাকায় বিক্রি করছেন। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর এলাকার কৃষক আবেদ আলী জানান, পাইকারি বাজারে মুলা এনে বিক্রি হচ্ছে না। সোয়া ছয় মণ মুলা বিক্রি করে ৫০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে হচ্ছে। উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকা থেকে মুলা বিক্রি করতে আসা রবিউল বলেন, হাটে ক্রেতা নেই, তাই দুই টাকা কেজিতে মুলা বিক্রি করেছি। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, উত্পাদন বাড়ায় শাক-সবজির দাম কমেছে।
