লক্ষ্মীপুরে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘নো মাস্ক নো সার্ভিস’ পলিসি

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৪০

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে লক্ষ্মীপুরের সব সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানে গ্রহণ করা হয়েছে ‘নো মাস্ক নো সার্ভিস’ পলিসি। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নগরীতে গত কয়েক দিন ধরে চলছে অভিযান। গতকাল রবিবারও এই অভিযান অব্যাহত ছিল। মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। এতে বাজারে মাস্কের চাহিদা ও বিক্রি দুটোই বেড়ে গেছে। বেড়েছে হ্যান্ড স্যানিটাইজারের দামও। দোকানি মো. সফি উল্যা বলেন, ‘প্রতিদিন জেলা শহরে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। এতে জনগণের মধ্যে মাস্ক ব্যবহার বেড়েছে। তাই মাস্কের চাহিদা বাড়ায় দাম আগের চেয়ে বেড়ে গেছে।’ মাস্ক কিনতে আসা এনামুল হক বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা মাস্কের দাম বাড়িয়ে দিয়েছেন। এ ব্যাপারে মাস্ক না ব্যবহারকারীদের পাশাপাশি মাস্ক বিক্রয়কারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা প্রয়োজন।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বলেন, ‘সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনের অভিযান চলছে। অভিযানে যাদের মাস্ক ছিল না তাদের সবাইকে সচেতন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করছে। এছাড়া এই সুযোগে যেসব অসাধু ব্যবসায়ী মাস্কের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।’