জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
নৃপেন সভাপতি, শাহীন সম্পাদক
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি সভাপতি ও শাহনূর রহমান শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতিসহ দুটি পদে আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদকসহ ৯ পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে। শনিবার জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২১-এর ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাতটায় ফলাফল ঘোষণা করা হয়। অন্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি অ্যাডভোকেট আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর কবির, অর্থ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম আবু সুফিয়ান পলাশ, গ্রন্থাগার ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট রিনাত ফেরদৌস রিনি, আপ্যায়ন, ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ কল্যাণ পদে অ্যাডভোকেট নিগার সুলতানা রিক্তা এবং নিরীক্ষা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল মোমিন হামিদুল। এছাড়া সদস্য পদে তিন জন আইনজীবী জয়লাভ করেছেন।
পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে রবিবার পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাফরুজা বেগম (৪০)। তিনি উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের ফরিদাবাদ কাঁসাপুকুর গ্রামের মাহাবুব আলমের স্ত্রী। ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, মাফরুজার লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সীমানা জটিলতা :১৬ বছরেও নির্বাচন হচ্ছে না শিবপুর পৌরসভায়
শিবপুর (নরসিংদী) সংবাদদাতা শিবপুরে পৌরসভা গঠনের পর প্রায় ১৬ বছর ধরে চলছে প্রশাসক দিয়ে। সীমানা জটিলতা মামলার কারণে দীর্ঘ দিন যাবত্ কোনো নির্বাচন হচ্ছে না। ফলে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। উপজেলা নির্বাহী অফিসারই পৌর প্রশাসকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৌরসভার অফিস সূত্রে জানা যায়, ২০১৪ সালে স্থানীয় মাছিমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ওমর ফাতেমা স্মৃতি বাদী হয়ে হাইকোর্টে একটি মামলা দয়ের করেন। মামলায় তিনি বলেন, পৌরসভা থেকে বাজনাব গ্রাম ও বান্ধারদিয়া গ্রাম দুটি বাদ দেওয়ার জন্য। অপরদিকে চক্রধা ইউনিয়নের মোশারফ হোসেন বাদী হয়ে আরেকটি মামলা করেন। এই মামলায় আশ্রাবপুর গ্রামটিকে পৌরসভা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেন। মামলা দায়েরের পর থেকে মাছিমপুর ও চক্রধা ইউনিয়ন পরিষদের নির্বাচনও স্থগিত রয়েছে। এই দুটি ইউনিয়নের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পাছেন না ১৯ বছর ধরে। শিবপুর পৌরসভার সচিব শিখা রানী বর্মণ বলেন, সীমানা জটিলতার কারণে কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। পৌরবাসী চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থানীয় প্রতিনিধি নির্বাচিত হোক। এতে জনগণ পৌরসভার সুফল ভোগ করতে পারবে।
৩০ হাজার পয়েন্টে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন
ময়মনসিংহ প্রতিনিধি করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ময়মনসিংহে একযোগে ৩০ হাজার পয়েন্টে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। এ সময় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এইচ এম লোকমান, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, প্রেসক্লাবের সম্পাদক অমিত রায় প্রমুখ। জেলা প্রশাসক জানান, সরকারি-বেসরকারি কার্যালায়, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ জেলার ৩০ হাজার পয়েন্টে একযোগে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত থাকবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর উপহার
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি হতদরিদ্র পরিবারকে টিনশেড বিল্ডিং উপহার দিয়েছে এলাকাবাসী। সম্প্রতি ঐ পরিবারের বসতঘরসহ বিভিন্ন স্থাপনা অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মো. মাহবুবুর রহমানের উদ্যোগে ও এলাকাবাসীর সহায়তায় নির্মিত নতুন ঘরের চাবি শনিবার বিকালে হতদরিদ্র এরশাদ মিয়ার হাতে তুলে দেওয়া হয়। এ সময় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর কাজী মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. লুত্ফুর রহমান।
