কিছুদিন আগে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, সচিবালয়ের আশপাশে শব্দদূষণ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে মানুষ শব্দদূষণে অতিষ্ট। আবাসিক এলাকায় কারখানা নির্মাণ, নসিমন, করিমনসহ ইঞ্জিনচালিত যানবাহন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মাইকের ব্যবহার শব্দদূষণের অন্যতম প্রধান কারণ। নতুন করে যুক্ত হয়েছে বিয়েবাড়িতে আতশবাজি ফোটানো, যা চলে প্রায় সারা রাত! বিয়েবাড়ির অনুষ্ঠানে বিকট শব্দে এমন কেউ নেই—বিরক্তি কিংবা অসুস্থ বোধ করেন না। এমন অমানবিক অত্যাচার নীরবে সবাই সহ্য করতে বাধ্য হন। অতিরিক্ত শব্দদূষণে ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাভাবিক কার্যকলাপ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। উচ্চ রক্তচাপ, শ্রবণশক্তি হ্রাস ও ঘুমের ব্যঘাতসহ অন্যান্য ক্ষতিকর ও বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে। শব্দদূষণ রোধে এর ক্ষতিকর প্রভাব প্রচার করা যেতে পারে। যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা করি।
আবু সাঈদ দেওয়ান সৌরভ
মিরাপাড়া, রিকাবী বাজার,
মুন্সীগঞ্জ
