১৩ দফা সুপারিশ বাস্তবায়ন করুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:১৪

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি কর্তৃক ১৩ দফা সুপারিশ অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবায়নযোগ্য। ঐ সুপারিশে কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন এনজিও ও গোটা সরকারব্যবস্থাকে সম্পৃক্তকরণ, শহরে মনোযোগ বৃদ্ধি ও পর্যাপ্ত অর্থ বরাদ্দসহ তারকা ব্যক্তিদের যুক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি বিনা মূল্যে মাস্ক বিতরণ, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি সক্রিয় ও সচেতনতা বৃদ্ধিতে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে। দেশব্যাপী ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে; যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি। এছাড়াও চলমান অনলাইন ক্লাসের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী ও তাদের পরিবার-পরিজনদের সচেতন করা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম-পত্রপত্রিকা-বেতার-টেলিভিশনের বিজ্ঞাপন, বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ও ওয়েবমিনারের আয়োজন করেও সচেতন করা উচিত। ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে কমিটি করে হাট-বাজার ও অন্যান্য প্রতিষ্ঠানে নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও জোরদার করতে হবে। এর মধ্যে সারা দেশে করোনার প্রকোপ বেড়েছে। তাই কালক্ষেপণ না করে সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করলে করোনার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।

রণি রত্নাকর

শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়