পূর্বাচলের বঞ্চিত আদি বাসিন্দাদের প্লট বরাদ্দসহ সাত দফা দাবিতে মানববন্ধন

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৪১

রাজউকের পূর্বাচল নতুন শহরের বঞ্চিত আদি বাসিন্দাদের মধ্যে প্লট বরাদ্দ ও প্লট প্রাপ্তদের সব জটিলতা নিরসনসহ সাত দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল গোবিন্দপুর-দাউদপুর সড়কের কালনী এলাকায় পূর্বাচল অধিবাসী অধিকার সংরক্ষণ কমিটি এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে কালনী বাজার মাঠে আয়োজিত প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম। বক্তারা আগামী সাত দিনের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার আলটিমেটাম দেন।

সভায় বক্তব্য দেন কমিটির কর্মকর্তা সৈয়দ মারফত আলী, ইব্রাহীম ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, মীর অলিউল্লাহ, উপজেলা ছাত্রলীগ নেতা ইমন হাসান খোকন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, মোহন মিয়া, প্লট বঞ্চিত সুবাস চন্দ্র দাস, সোয়েবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, পূর্বাচলের আদি বাসিন্দাদের উচ্ছেদ করে বসতবাড়ি ও ফসলি জমি নিয়ে পূর্বাচল নতুন শহর নির্মাণ করা হচ্ছে। অথচ তাদের অনেকের নামে এখনো প্লট বরাদ্দ দেওয়া হয়নি। অনেকেই প্লট পায়নি। রাজউকের তত্কালীন নিয়মানুযায়ী জমির ক্ষতিগ্রস্ত মালিক স্বামী ও স্ত্রীর নামে পৃথক পৃথক প্লট বরাদ্দ দেওয়া হলেও এখন তা বাস্তবায়ন করতে রাজউক গড়িমসি করছে। স্বামী প্লট পেলে স্ত্রী পাবে না কিংবা স্ত্রী প্লট পেলে স্বামী পাবে না—এমন মনগড়া আইন চলতে দেওয়া হবে না। কোনো অজুহাতেই আদি বাসিন্দাদের মধ্যে বরাদ্দকৃত প্লট বাতিল করা চলবে না। প্লট হস্তান্তরের ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে। মামলার কারণে যে সব আদি বাসিন্দা প্লট প্রাপ্তির আবেদন করতে পারেননি, তাদের আবেদনের সুযোগ দিতে হবে। পরে কমিটির সভাপতি আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ৬ ডিসেম্বর ঢাকাস্থ রাজউকের অফিস ঘেরাও এবং ৭ ডিসেম্বর সকাল থেকে ঢাকা বাইপাস সড়ক ও পূর্বাচলের ৩০০ ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকায় অবরোধ করা হবে বলে জানানো হয়।