প্রধানমন্ত্রীকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের স্মারকলিপি

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:২২

সাত দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। গতকাল বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা শুরু করেন শিক্ষকেরা। হাইকোর্টের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই অবস্থান নেন শিক্ষকরা। পুলিশ তাদের সঙ্গে কথা বলে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই প্রতিনিধিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে বাকিদের সরিয়ে দেন। শিক্ষকরা পরে আবার প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।

সংগঠনের সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান বলেন, ‘গত ২০১৮ সালে আমাদের ধর্মঘট ও অনশনচলাকালে সংশ্লিষ্ট দপ্তরের সচিব যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। জাতীয়করণের দাবিতে চলতি মাস থেকে টানা ১৫তম দিন ধরে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’

সংগঠনের যুগ্মমহাসচিব বশির আফতাব বলেন, ১৫ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। দাবি না মানা হলে অনশনে বসব। শিক্ষকদের দাবিগুলো হলো—ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কোড নম্বরবিহীন মাদ্রাসাগুলোকে কোড নম্বর দেওয়া, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, ইবতেদায়ি মাদ্রাসায় আসবাবপত্র সরবরাহ ও ভবণ নির্মাণ এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্থায়ী নিবন্ধনের ব্যবস্থা করা।