তালার পারকুমিরা বধ্যভূমি অরক্ষিত!

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৩৫

তালার পারকুমিরা বধ্যভূমিতে এখন হলুদসহ বিভিন্ন ধরনের ফসলের চাষ হচ্ছে। ১৯৭১ সালের ২৩ এপ্রিল এখানে ৭৯ জন ব্যক্তিকে পাক সেনারা ব্রাশ ফায়ারে হত্যা করে। পরে সেখানেই শহীদদের গণকবর দেওয়া হয়। স্বাধীনতার ৪৭ বছরেও বধ্যভূমিটি সংরক্ষণের জন্য সরকারিভাবে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এর স্মৃতিচিহ্ন।

শহীদ পরিবারের সন্তান তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম সেদিনের বর্বর হত্যাযজ্ঞের কাহিনি বর্ণনা করতে গিয়ে বলেন, সেদিন ছিল শুক্রবার। মসজিদে জুম্মার আযান হচ্ছিল। এ সময় পাটকেলঘাটা থেকে পাকিস্তানি হায়েনারা পারকুমিরায় গিয়ে নিরীহ গ্রামবাসীকে আলোচনার কথা বলে একত্রিত করে পারকুমিরা স্বাস্থ্য কমপ্লে­ক্সে আটকে রাখে। এক পর্যায়ে সহজ সরল গ্রামবাসীর উপর ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই ৭৯জন শহীদ হন। যাদের পরিচয় পাওয়া যায় তাদের অনেককেই পারিবারিকভাবে দাফন করা হয়। যাদের পরিচয় পাওয়া যায়নি তাদেরকে পারকুমিরার ওই বধ্যভূমিতে গণকবর দেওয়া হয়েছে। শহীদদের স্মৃতিরক্ষার্থে বধ্যভূমিটি রক্ষার দাবি এলাকাবাসীর।