সৈয়দপুরে আগুনে পুড়ে নিঃস্ব আট পরিবার

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:২৬

সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার বেলা আনুমানিক ২টার দিকে খালিশা ধুলিয়া পঞ্চায়েতপাড়ায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে আটটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বর্তমানে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চলতি অগ্রহায়ন মাসের শীতের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

জানা যায়,  মো. আলী হোসেনের বাড়িতে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে প্রতিবেশি মো. নুর হক, মো. নুর জামাল, এমদাদুল হক, মাজেদুল ইসলাম, মানিকুল ইসলাম, ময়নুল ইসলাম ও অহিলা বেগমের বাড়িঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে উল্লিখিত পরিবারগুলোর ১৮টি টিন ও খড়ের ঘর, নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, তৈজসপত্র, মূল্যবান কাপড়চোপড়, ধান, চালসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগে পরিবারগুলোর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া আর কোনো কিছুই রক্ষা করতে পারেননি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিকালে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের প্রতিটিকে পাঁচটি করে কম্বল ও তিনটি করে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।