ডাকযোগের ভোট বাতিল ও জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন বন্ধে রিপাবলিকানদের করা আরেকটি মামলা খারিজ করে দিয়েছে পেনসিলভেনিয়ার ফেডারেল আপিল কোর্ট। মামলার কোনো ‘মেরিট’ নেই জানিয়ে শনিবার রাতে এটি খারিজ করে আদালত। এর ফলে নির্বাচনের ফল উলটে দিতে ট্রাম্পের চেষ্টা আরো কঠিন হয়ে পড়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। খবর বিবিসি ও সিএনএনের।
গত ৩ নভেম্বরের নির্বাচনের পর পেনসিলভেনিয়ায় দীর্ঘ ভোট গণনার পর গত বৃহস্পতিবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ট্রাম্পের চেয়ে ৮১ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন; কিন্তু পেনসিলভেনিয়ার এক রিপাবলিকান নেতা আদালতে মামলা করে ডাকযোগের সব ভোট বাতিল ও রাজ্য আইনসভাকে বিজয়ী নির্ধারণের ক্ষমতা দেওয়ার আবেদন করে মামলা করেন। আদালতের বিচারকরা সর্বসম্মতভাবে এই মামলা খারিজ করে দিয়েছেন। এর আগে ফেডারেল আদালত ট্রাম্প টিমেরও একটি মামলা খারিজ করে দেয়।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প গত ৩ নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে নেননি। বরং তিনি দাবি করেছেন এই নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। নির্বাচনের ফল বদলে তিনি ট্রাম্প টিম ও রিপাবলিকান পার্টি পাঁচ সুইং স্টেটে দুই ডজনের বেশি মামলা করেছে; কিন্তু বেশির ভাগ মামলা খারিজ হয়ে গেছে। ৮ ডিসেম্বরের মধ্যে রাজ্যগুলোকে নির্বাচনি বিরোধ নিষ্পত্তি করে ফল প্রত্যয়ন করতে হবে। সেক্ষেত্রে ট্রাম্পের জন্য সময় শেষ হয়ে আসছে। ১৪ ডিসেম্বর ইলেকটররা মিলিত হবেন এবং তাদের রাজ্যে জয়ীকে ভোট দেবেন। বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল ভোট আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। ২০ জানুয়ারি শপথ নেবেন নির্বাচিত প্রেসিডেন্ট।
