ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দান ও মানহানিকর বক্তব্য প্রকাশ এবং প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম দিপু কুমার ওরফে শাহারিয়ার দিপু (৫৫)। পুলিশ তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। গত ২৩ নভেম্বর পুলিশ তাকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ বলেন, গ্রেফতারকৃত দিপু ফেসবুক পেজ ‘দিয়ার্ষি আরাগ’ ব্যবহার করে বিভিন্ন সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন উসকানিমূলক পোস্ট ও মানহানিকর বক্তব্যসমূহ প্রচার করতো। এছাড়াও, তিনি তার এমন বক্তব্যসমূহ বই আকারে প্রকাশ করেন। যা পরবর্তী সময়ে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ করা হয়। এ ঘটনায় গত ৩ মার্চ তার বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।
