নিজস্ব বলয় বানাতে ‘মাই ম্যান’ দিয়ে কমিটি গঠন করা যাবে না -------ওবায়দুল কাদের

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:৪৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, নিজস্ব বলয় তৈরি করতে ‘মাই ম্যান’ বা নিজের লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না। গতকাল রবিবার সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ‘যেসব জেলায় আওয়ামী লীগের সম্মেলন হয়নি এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেসব জেলায় দ্রুত কাউন্সিল করার নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। জেলা সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।’

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কাউন্সিল করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, দখলদার ও সাম্প্রদায়িক গোষ্ঠীর কাউকে দলে নেওয়া যাবে না। ত্যাগী নেতাকর্মীদের জন্য রাজনীতিতে টিকে থাকার এবং এগিয়ে যাওয়ার পথ সৃষ্টি করে দিতে হবে। নির্বাচনের পথে না হেঁটে ক্ষমতায় যেতে নানান অগণতান্ত্রিক পথ খোঁজা বিএনপির পুরোনো অভ্যাস।

বিএনপিকে দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিবৃতি আর গুজব অপপ্রচার চালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তাদের দুঃশাসন এখনো মানুষকে তাড়া করে, তাই তারা জনমানুষের আস্থা হারিয়েছে। তাই আগে নিজের দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ ঘটনা তাদের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ কিনা, তা খতিয়ে দেখাও দরকার। অপরাধী কোনো দলের নয়, কিন্তু কোনো ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হলে বিএনপি আবার অভিযোগ করে বলে সরকার দমনপীড়ন চালাচ্ছে।