কক্সবাজারের চকরিয়ায় প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগের সাবেক নেতা মো. সোহেল (২৭) নিহত হয়েছেন। চকরিয়া থানার পুলিশ স্টেশনের নিকটবর্তী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় জমি দখলের ঘটনায় শনিবার গভীর রাতে এই সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের সাত-আট জন আহত হয়। নিহত সোহেল চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং পৌরসভার পালাকাটা গ্রামের আবদু রকিমের ছেলে। তিনি কিছুদিন আগে বিয়ে করেছেন। চকরিয়া থানার পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এলাকাবাসী জানান, চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হাজীপাড়া এলাকার মৃত আহমদ শফির পুত্র নুর হোছাইন গং ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়েরের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের সাংঘর্ষিক হামলায় নিহত হন সোহেল নামের ঐ যুবক। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ থানা হেফাজতে নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
