কৃষকদের আন্দোলনে কার্যত অবরুদ্ধ দিল্লি

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:৫১

কৃষকদের আন্দোলনে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। রাজধানীর উত্তরপ্রান্তে এক বিশাল এলাকা কার্যত পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা হাজার হাজার কৃষকের কবজায়। নিজেদের ট্রাক্টর ও ট্রলিতে বেশ কয়েক মাসের রেশন নিয়ে খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে শীতের রাত কাটানোর প্রস্তুতি নিয়েই তারা রওনা দিয়েছিলেন দিল্লির পথে। এখন রাজধানীর লাইফলাইন জাতীয় সড়ক ৪৪ কার্যত তাদেরইে দখলে। খবর বিবিসির

দিল্লির বুকে অবস্থানরত হাজার হাজার কৃষক কেন্দ্রীয় সরকারের দেওয়া আগাম আলোচনার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তারা তুমুল আন্দোলন শুরু করেছেন। পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা এই অসংখ্য কৃষক দিল্লিতে জাতীয় সড়ক অবরোধ করে রাখায় রাজধানীর একটা বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আরো বহু কৃষক দিল্লিতে ঢোকার চেষ্টায় সীমান্তে অপেক্ষা করছেন। আন্দোলনরত এক জন কৃষক সরবজিত্ সিং বলেন, পাঞ্জাব থেকে লাঠি-জলকামান অনেক কিছু সহ্য করে আমরা এতদূর এসেছি। আর এখন সরকার বলছে আমাদের চুপচাপ গিয়ে বুরারি ময়দানে বসে পড়তে, যেটা কিছুতেই আমরা মানব না। তা হলে আমাদের এই আওয়াজ চাপা পড়ে যাবে। আমরা চাই দিল্লির পানি-দুধ-ফল-সবজির সাপ্লাই লাইন বন্ধ করে দিতে, যাতে সরকারের ওপর চাপ বাড়ে ও তারা আমাদের কথা শুনতে বাধ্য হয়। পাটিয়ালা থেকে আসা অমৃক সিং যোগ করেন, সরকার যতক্ষণ না তিনটি কালা আইন বাতিল করছে এবং কৃষককে সহায়ক মূল্যের গ্যারান্টি দিয়ে একটি চতুর্থ আইন আনছে ততক্ষণ এই আন্দোলন চলবে।