করোনার চেয়ে আত্মহত্যায় মৃত্যু বেশি জাপানে

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:৫১

জাপানে করোনা ভাইরাসে নয়, আত্মহত্যায়ই বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এতে নারীরাই বেশি মারা যাচ্ছেন। গত মাসের এক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। খবর সিএনএনের।

জাপান সরকার জানিয়েছে, অক্টোবরে আত্মহত্যায় যত বেশি মানুষ মারা গেছে তা সারা বছর করোনায়ও মারা যায়নি। জাপানের ন্যাশনাল পলিসি এজেন্সি জানায়, গত মাসে আত্মহত্যার সংখ্যা ছিল ২ হাজার ১৫৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছে ২ হাজার ৮৭ জন। বিশ্বের উন্নত অর্থনীতির মধ্যে জাপান একটি। সেই দেশেই করোনার কারণে জীবন-যাপনে কতটা প্রভাব ফেলেছে তা বোঝা যাচ্ছে। জাপানের এই তথ্য অন্যান্য দেশের ক্ষেত্রেও কাজে লাগবে। টোকিওর ওয়াসেডা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও আত্মহত্যাবিষয়ক বিশেষজ্ঞ মিচিকো উয়েডা বলেন, আমরা লকডাউন দেইনি। এখানে কোভিডের প্রভাব অন্যান্য দেশের তুলনায় খুব একটা ফেলার কথা নয়।