জানুয়ারিতে দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভার নির্বাচন

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:৫৭

জানুয়ারির মাঝামাঝি সময়ে দ্বিতীয় ধাপে প্রায় ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি সপ্তাহে এই নির্বাচনের তপশিল ঘোষণা করা হতে পারে। এবার মোট চারটি ধাপে ১৯৪টি পৌরসভার ভোট হবে। ইতিমধ্যে প্রথম ধাপে ২৫টি পৌরসভার তপশিল ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা হয়। সন্ধ্যায় কমিশন সভার সিদ্ধান্ত সাংবাদিকদের কাছে তুলে ধরেন ইসি সচিব। এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় কমিশন। ইতিমধ্যে প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর ভোটের তপশিল দেওয়া হয়েছে। তিন শতাধিক পৌরসভার মধ্যে আরো ১৬৯টি পৌরসভা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন উপযোগী রয়েছে। রবিবারের কমিশন সভায় সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।

কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ইসি সচিব মো. আলমগীর বলেছেন, প্রত্যেকটি ধাপে ইভিএমে ভোট হবে ৩০টির মতো পৌরসভায়। বাকিগুলোয় ব্যালটে হবে। শীতকাল হওয়ায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। খুব তাড়াতাড়ি দ্বিতীয় ধাপের তপশিল হবে। প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে প্রবাসে ভোটার হিসেবে নিবন্ধিত হতে কোনো ফি দিতে হবে না।

পিডিপির নিবন্ধন বাতিল : ইসি সচিব জানান, সভায় প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নিবন্ধন বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ইসিতে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত থাকতে যেসব শর্ত পূরণ করতে হয় পিডিপি তার বেশির ভাগই পূরণ করতে পারেনি। তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ নিয়ে শুনানিও হয়। দলটি কিছু কাগজপত্র দিয়েছিল। কিন্তু ইসি পর্যালোচনা করে দেখেছে, তারা নিবন্ধিত থাকার বেশির ভাগ শর্ত পূরণ করছে না।