নগর ভবনের ভেতরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের দুই গ্রুপের মধ্যে হামলা-পালটা হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৪টার দিকে নগর ভবনের ব্যাংক ফ্লোরে তাদের সংগঠনের নির্বাচনকে সামনে রেখে সাধারণ সভা হচ্ছিল। এ সময় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে ছয় জন আহত হয়েছে।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পরিচ্ছন্নতাকর্মী হেদায়েত কবির (৩৫), ইউসুফ দাস (৫০), রবি লাল (৩৫), স্বপন (৩৫), হাসান (৫০) ও তার ছেলে গোলাম রাব্বানী (২৩)।
শাহবাগ থানার এসআই মোহাম্মদ সেলিম জানান, নগর ভবনের ভেতরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নির্বাচনকে সামনে রেখে সাধারণ সভা চলার সময় হামলা-পালটা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছে। তবে আহতরা গুরুতর নয়। বিস্তারিত তথ্য আরো জানার চেষ্টা চলছে। থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
