শিক্ষা ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। অনুপ কুমার সাহা নামের একই বিভাগের আরেক শিক্ষককে যোগদানের অনুমতি দিয়েছে সিন্ডিকেট। এছাড়াও মাস্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের সাময়িক বরখাস্তের আদেশ বহাল রাখা হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কয়েক জন সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সিন্ডিকেটের ঐ সদস্যরা জানান, বিদেশে অবস্থানের সময় শেষ হয়ে যাওয়ার পর কর্মক্ষেত্রে যোগদান করতে আদেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সাইন্সের প্রভাষক মো. শরিফুল ইসলাম ও মিস নুসরাত ফারাহকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আদেশের পরও তারা যোগদান করেননি। এজন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে ২০১৮ সালে চাকরিচ্যুত বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক অনুপ কুমার সাহাকে যোগদানের অনুমতি দিয়েছে সিন্ডিকেট। সিন্ডিকেট সদস্যরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাস্ক কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠিত কমিটি তার সাময়িক বরখাস্তের আদেশটি বহাল রেখেছেন। ঘটনাটি আদালতে বিচারাধীন থাকায় রায় আসার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
