বেদখলে থাকা ১ লাখ ৩৮ হাজার ৬১৩ একর সংরক্ষিত বনভূমি উদ্ধারে উদ্যোগ নিচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তাগাদায় আগামী ৩০ জানুয়ারির মধ্যে সরে যাওয়ার জন্য প্রায় ৯০ হাজার ব্যক্তি-প্রতিষ্ঠানকে নোটিশ দেবে মন্ত্রণালয়। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। গতকালের বৈঠকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংরক্ষিত বনভূমি দখলদারদের তালিকা চূড়ান্ত করে ৩০ জানুয়ারির মধ্যে উচ্ছেদের নোটিশ দিতে আবারও তাগিদ দেওয়া হয়েছে। সংরক্ষিত বনভূমির বাইরে বনের যেসব জমি বেদখলে রয়েছে তারও তালিকা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সংসদীয় কমিটির কাছে দিতে বলা হয়েছে মন্ত্রণালয়কে।
জানা গেছে, দেশে বর্তমানে বিভিন্ন শ্রেণির মোট বনভূমির পরিমাণ ৪৬ লাখ ৪৬ হাজার ৭০০ একর। এর মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৪৫২ একর বনভূমি দেশের ৮৮ হাজার ২১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের দখলে আছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, বেদখলে থাকা বনভূমি উদ্ধারে চিঠি দেন জেলা প্রশাসকরা। আগামী ৩০ জানুয়ারির মধ্যে দখলদারদের চিঠি দিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। নোটিশের সাত দিনের মধ্যে দখলদার সরে না গেলে উচ্ছেদ করা হবে। নোটিশ পাঠানোর আগে বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে উচ্ছেদ কার্যক্রম চালাতে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
প্রসঙ্গত, কমিটির আগের বৈঠকে বনের জমি দখল করে রাখা ৯০ হাজার জনের তালিকা চাওয়া হয়। মন্ত্রণালয় জানিয়েছে, ঐ তালিকা প্রণয়নের কাজ চলছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বন বিভাগের সব জমির রেকর্ড ডিজিটাইজড করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। যে কোনো ইকোনমিক জোন তৈরির আগে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটিকে স্ট্রাটেজিক এনভায়রনমেন্ট প্ল্যান স্টাডি করার সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও শাহীন চাকলাদার অংশ নেন।
