নাইজেরিয়ায় জঙ্গিরা নিষ্ঠুরভাবে অন্তত ১১০ জন কৃষককে হত্যা করেছে। শনিবার বিকেলে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় মাইদুগুড়ির একটি কৃষি খামারে এ হামলা চালানো হয়। নাইজেরিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক এডওয়ার্ড ক্যালন বলেন, সশস্ত্র ব্যক্তিরা মোটরসাইকেলে এসে কৃষিকাজে নিয়োজিত নারী ও পুরুষ কৃষকদের ওপর হামলা করে। তারা গলা কেটে এসব মানুষকে হত্যা করে। অনেকে আহত হয়েছেন। তিনি জানান, অনেক নারীকে অপহরণও করা হয়েছে। চলতি বছরেই এটাই সবচেয়ে জঘন্যতম হত্যা বলে জানান ক্যালন। উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম, ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি) বেশ সক্রিয়। তাদের সহিংসতায় ২০০৯ সাল থেকে ৩৬ হাজার মানুষের প্রাণ গেছে এবং বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী। -আলজাজিরা
