প্রাইভেট ও সরকারি হাসপাতাল মিলেই করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হবে :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০০:২৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের প্রাইভেট ও সরকারি হাসপাতাল একযোগে মিলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হবে। করোনার প্রথম পর্যায়ে দেশের প্রাইভেট হাসপাতালগুলোর মধ্য থেকে অন্তত ৭৫টি হাসপাতাল করোনা নিয়ে কোনো না কোনোভাবে কাজ করেছে। এদের মধ্যে ১৫টি হাসপাতাল ছিল কোভিড ডেডিকেটেড।

গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন বিষয়ে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রাইভেট হাসপাতালগুলো যেভাবে সরকারের সঙ্গে থেকে করোনার প্রথম পর্যায়ে কাজ করে গেছে দ্বিতীয় পর্যায়েও ঠিক সেভাবেই কাজ করবে। এর সঙ্গে দেশের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার দ্বিতীয় পর্বেও দেশের মানুষ এখনকার মতো করেই নিরাপদে থাকতে পারবে।

মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, করোনায় মাস্ক ব্যবহার না করে মানুষ এখন অতি আত্মবিশ্বাস দেখাচ্ছে যা কিছুটা চিন্তার কারণ হয়ে দেখা দিচ্ছে। এ কারণে সরকার এখন কঠোর অবস্থানে যাচ্ছে। করোনা থেকে বাঁচতে হলে এখন মানুষের মুখে মাস্ক পরার বিকল্প কিছুই নেই।

সভায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান করোনার প্রথম পর্যায় ও দ্বিতীয় ঢেউ সামলানোর বিষয়ে তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর থেকে আসা প্রাইভেট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকবৃন্দ।