অবৈধ সম্পদের মামলায় ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০০:২৯

অবৈধ সম্পদের মামলায় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানসহ চার জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। গতকাল রবিবার বিশেষ আদালতে সাক্ষ্য দেন বরিশাল জেলার বাকেরগঞ্জের নকুয়া ইউনিয়ন পরিষদের উপসহকারী কর্মকর্তা (ভূমি) মো. রকুনুজ্জামান মুরাদ। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে জেরা করেন আসামির আইনজীবীরা। এই মামলায় আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।

২০১৯ সালের ২৪ জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলা করে দুদক। হাইকোর্টের নির্দেশে গত বছর পহেলা জুলাই শাহবাগ থানা পুলিশ মিজানকে গ্রেফতার করে। এরপর থেকে সে কারাগারেই রয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন—মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসান। এর মধ্যে মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক। তবে কারাগার থেকে মিজান ও তার ভাগনেকে আদালতে হাজির করা হয়।